মো. নুরুল করিম আরমান।
বান্দরবান-৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোর থেকে গভীর রাত—দুর্গম পাহাড়ি জনপদ থেকে শহরের অলিগলি—সবখানেই এখন ধানের শীষের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি।
নির্বাচন ঘিরে প্রতিটি পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় সভা ও গণসংযোগে অংশ নিয়ে সাচিং প্রু জেরি তুলে ধরছেন তার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা।
প্রচারাভিযান প্রসঙ্গে সাচিং প্রু জেরি বলেন,
“পাহাড়ের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চায় শান্তি, সম্প্রীতি ও প্রকৃত উন্নয়ন। বিগত কয়েক বছরে বান্দরবানের মানুষ যে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে, নির্বাচিত হলে সেই ব্যবধান দূর করাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমরা বান্দরবানকে একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি তার নির্বাচনী অঙ্গীকারে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি দুর্গম এলাকায় বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার সশরীরে প্রচারণায় মাঠপর্যায়ের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠেছেন।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, “বান্দরবান-৩০০ আসনে আমরা এমন একজন অভিভাবক চাই, যিনি সুখে-দুঃখে পাশে থাকবেন। জেরি সাহেবের ওপর আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”
এদিকে, আসনের অন্যান্য প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। তবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর নির্বাচনে অংশ না নেওয়া এবং কয়েকটি দলের প্রার্থীর সরে দাঁড়ানোর প্রেক্ষাপটে সাচিং প্রু জেরি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তৃণমূলের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগও তাকে নির্বাচনী দৌড়ে সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় বিএনপি নেতারা দাবি করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলে বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের জয় নিশ্চিত। এখন দেখার বিষয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পাহাড়বাসী কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত