
বান্দরবান প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে ু ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।এ সময় সামগ্রিক ভাবে পুলিশ যত স্বচ্ছ ও নিরপেক্ষ থাকবে, ততটাই সুশৃঙ্খল নির্বাচন বাস্তবায়িত হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এ সময় পুলিশ সুপার বলেন, আমরা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, যে কোনো মূল্যে আমরা নির্বাচনী এলাকায় শৃংখলা নিরূপণ করতে সক্ষম হবো।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম।
বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসারগণ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন বিধিমালা প্রতিপালন এবং সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ব্রিফিংকালে পুলিশ সুপার আরো বলেন, নির্বাচনি নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও নির্বাচন ডিউটিতে যাওয়ার সময় প্রয়োজনীয় সামগ্রী বহন, অ’স্ত্র ও গু’লির সঠিক ব্যবহার এবং সরকারি মালামাল সংরক্ষণে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।
প্রত্যেক সদস্যকে দু’টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়, যাতে দূরবর্তী ও দুর্গম এলাকায় দায়িত্ব পালনের সময় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত থাকে।
ব্রিফিং শেষে পুলিশ সুপার সকল সদস্যের নিরাপদ দায়িত্ব পালন ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন। ব্রিফিংয়ে বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।