বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশ সুপার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।” তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা, গুজব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।