আলীকদম প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আলীকদম ৫৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবদুল্লাহ আল মেহেদী। সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি জানান,নির্বাচনকালীন সময়ে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করা হবে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে বিজিবি।
বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবদুল্লাহ আল মেহেদী আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গত ০১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে। বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংসদীয় আসন ৩০০-বান্দরবান এলাকায় আলীকদম ও লামার ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করা হচ্ছে।
এছাড়া ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনী নিরাপত্তায় কেএন-৯ ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সংবাদ সম্মেলনে লামা ও আলীকদম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত