
আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান জেলার দুর্গম ১১টি ভোটকেন্দ্রে সামরিক হেলিকপ্টারে করে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর সংশ্লিষ্ট উপজেলা সদর থেকে এসব সামগ্রী হেলিকপ্টারে করে দুর্গম কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়। তবে প্রথম দফায় ভোট গ্রহণ কর্মকর্তাদের পাঠানো হয়নি। আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় তাঁদের হেলিকপ্টারে করে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনের মোট ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে হেলিকপ্টারের সহায়তায় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ইতোমধ্যেই সব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রে পৌঁছেছে”।
হেলিকপ্টারে করে যেসব কেন্দ্রে সামগ্রী পাঠানো হয়েছে সেগুলো হলো— থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মোদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মোদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু ইউনিয়নের গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এসব দুর্গম ১১টি কেন্দ্রে মোট ভোটার ১২ হাজার ৪০০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ২২ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৩৭৮ জন।